চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় ইসকন ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে জমি ও মন্দিরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন এবং একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় কিছু ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি দ্রুত বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মন্দিরসংলগ্ন একটি কক্ষ ভাঙচুর এবং বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার হোসাইন কবির ভূঁইয়া জানান, লোকনাথ মন্দিরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দির সংলগ্ন কিছু খাসজমির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপক্ষের দাবি, ওই স্থান ধর্মীয় সম্পদের অংশ হিসেবে স্থানীয়দের নিয়ন্ত্রণে থাকা উচিত, অন্যদিকে সংশ্লিষ্ট একটি পক্ষ সেখানে নিজেদের ব্যবস্থাপনার কথা বলছে।
এ ঘটনায় পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।