আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের তরুণদের মধ্যে আলোচিত রাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে ভুয়া, সাজানো ও বিভ্রান্তিকর আন্দোলনে অংশ না নেওয়ার কঠোর নির্দেশনা জারি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সংগঠনটি জানায়, আন্দোলনের নামে কোনো পরিকল্পিত বা উদ্দেশ্যপ্রণোদিত কর্মসূচির সঙ্গে দলের কোনো সদস্যের সম্পৃক্ততা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি ভারতের বিভিন্ন সামাজিক ইস্যু, বিশেষ করে পরীক্ষাব্যবস্থা, প্রশ্নফাঁস এবং যুব বেকারত্বকে কেন্দ্র করে দিল্লির ঐতিহাসিক জন্তর-মন্তরে সংগঠনটির ঘোষিত কর্মসূচিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্যঙ্গাত্মক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করলেও অল্প সময়ের মধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং তরুণদের মধ্যে উল্লেখযোগ্য অনুসারী গড়ে তুলেছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক অভিজিৎ দীপকে বলেন, তাদের মূল লক্ষ্য তরুণদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরা, কোনো ধরনের সাজানো রাজনৈতিক নাটকের অংশ হওয়া নয়।
বিবৃতির শেষে ‘জয় হিন্দ’ স্লোগানের মাধ্যমে সংগঠনটি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির ক্রমবর্ধমান প্রভাবের কারণে বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড প্রতিরোধ করতেই এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।