নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার (৮) হত্যার ঘটনায় আলোচিত মামলার রায় আগামীকাল রোববার ঘোষণা করা হবে।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছে।
রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু জানিয়েছেন, সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন।
অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ বলেন, তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
এর আগে গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আগামী ৭ জুন (রোববার) দিন ধার্য করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে সকালে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে পরিবারের অনুসন্ধানে প্রতিবেশী ভবনের একটি কক্ষ থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয় এবং পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২৪ মে চার্জশিট দাখিল করা হয় এবং ১ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় মোট ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।