নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ট্রাফিক পুলিশের পুলিশ বক্সে ঢুকে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
হামলায় গুরুতর আহত ওই সাংবাদিক স্টার নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবু। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকার গাজীপুর ট্রাফিক পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম মো. জুয়েল (২৫)। তার বাড়ি নরসিংদী জেলায়।
ঘটনার পর চৌরাস্তা ট্রাফিক পুলিশ তাকে আটক করে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
গাজীপুর ট্রাফিক পুলিশের ইনস্পেকটর তরিকুল ইসলাম জানান, আহত সাংবাদিক মহাসড়কে একটি লাইভ সম্প্রচার করছিলেন। লাইভ শেষ করে তিনি পুলিশ বক্সে প্রবেশ করলে হঠাৎ এক ব্যক্তি ‘লাইভ কেন করেছেন’—এমন প্রশ্ন তুলে তার ওপর হামলা চালায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি সাংবাদিকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
তিনি আরও জানান, দায়িত্বরত এটিএসআই তাজ উদ্দীন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ইনস্পেকটর তরিকুল ইসলাম আরো বলেন, “অল্পের জন্য সাংবাদিকটি আরও বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
বাসন থানার ওসি হারুন অর রশিদ বলেন অভিযুক্ত ছেলেটি এখন আমার হেফাজতে আছেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে, ছেলেটা কিছুটা মানসিক ভারসাম্যহীন রয়েছে। তাঁর পরিবারের সাথে যোগাযোগ চেষ্টা করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৪০) নিহত হন। তিনি দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন।