আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলোর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়াকে দুর্বল করতে পারেনি; বরং তা দেশের শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশে সহায়ক ভূমিকা রেখেছে।
২৯তম সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (এসপিআইইএফ-২০২৬)-এর পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি বলেন, নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করলেও অনেক ক্ষেত্রে তা রাশিয়াকে নিজস্ব উৎপাদন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির দিকে এগিয়ে যেতে উৎসাহিত করেছে।
পুতিন বলেন, “কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা আমাদের জন্য অসুবিধা তৈরি করেছে, তবে অন্যদিকে এটি আমাদের নিজস্ব সক্ষমতা বিকাশে সাহায্য করেছে।”
তিনি আরও জানান, দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া আন্তর্জাতিক সহযোগিতার পথ থেকে সরে আসেনি। অন্যান্য দেশের অংশীদারদের সঙ্গে যৌথ প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক ফল অর্জনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ‘বাস্তবসম্মত সংলাপ: একটি স্থিতিশীল ভবিষ্যতের পথ’ প্রতিপাদ্যে আয়োজিত এসপিআইইএফ-২০২৬ সম্মেলনে সৌদি আরব অতিথি দেশ হিসেবে অংশ নিচ্ছে।