স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ খেলতে অবশেষে মেক্সিকোয় পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। তবে দেশটির প্রতিনিধি দলের অনেক কর্মকর্তা এখনো যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার এহসান হাজসাফি। তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার টিজুয়ানায় পৌঁছে হাজসাফি বলেন, দীর্ঘ অপেক্ষার পর দল মেক্সিকোয় পৌঁছাতে পেরে স্বস্তি পেলেও ভিসা প্রক্রিয়ার বিলম্ব গ্রহণযোগ্য নয়। তার অভিযোগ, খেলোয়াড় ও কয়েকজন কোচিং স্টাফ ছাড়া দলের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা এখনো যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।
ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়াত মোমবেনি, সহ-সভাপতি মেহদি মোহাম্মদ নাবিসহ বেশ কয়েকজন কর্মকর্তা ভিসা পাননি বলে জানা গেছে। এছাড়া দলের ম্যানেজার, নির্বাহী পরিচালক ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরাও একই সমস্যার মুখে পড়েছেন।
গত তিন সপ্তাহ তুরস্কে অনুশীলন করেছে ইরান দল। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় শেষ মুহূর্তে তাদের বেইস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করা হয়। স্থানীয় সময় ভোরে দলটি সেখানে পৌঁছালে অল্পসংখ্যক সমর্থক বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের স্বাগত জানান।
অন্যদিকে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, সব খেলোয়াড় এবং প্রয়োজনীয় কোচিং স্টাফ ভিসা পেয়েছেন। তবে কিছু আবেদনকারীর বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ থাকায় তাদের আবেদন বাতিল করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বলেছেন, খেলোয়াড় ও কোচদের প্রবেশে কোনো বাধা নেই, তবে আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে অনুমতি দেওয়া হবে না।
১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর এবারই প্রথম এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যখন আয়োজক দেশের সঙ্গে অংশগ্রহণকারী একটি দেশের সরাসরি সামরিক সংঘাত চলছে। চলমান যুদ্ধের প্রভাব পড়েছে ইরানের ফুটবল কার্যক্রমেও; গত ফেব্রুয়ারি থেকে দেশটির ক্লাব ফুটবল স্থগিত রয়েছে।
আগামী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর বেলজিয়াম ও মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে তারা। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ম্যাচ শেষে ইরান দলকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে এবং পরবর্তী ম্যাচের আগে আবার ফিরতে হবে।
বিশ্বকাপ শুরুর আগেই ভিসা বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েনের ঘটনায় আন্তর্জাতিক ফুটবলে নতুন আলোচনা শুরু হয়েছে। ইরানের অভিযোগের পর বিষয়টি কত দ্রুত সমাধান হয়, এখন সেদিকেই নজর ফুটবল বিশ্বের।