স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপের মাত্র চার দিন আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের একমাত্র বিশেষজ্ঞ রাইট-ব্যাক ওয়েসলি।
রোববার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ে অংশ নিতে গিয়ে বাম ঊরুর পেশিতে চোট পান ২২ বছর বয়সী এই ডিফেন্ডার। চোট পাওয়ার পর অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।
ইতালিয়ান ক্লাব রোমার হয়ে খেলা ওয়েসলির পরিবর্তে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আতালান্তার মিডফিল্ডার এদেরসনকে। ২৬ বছর বয়সী এই ফুটবলার সোমবার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন। ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ মিশনে নামতে যাওয়া ব্রাজিল আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে। ‘সি’ গ্রুপে সেলেসাওদের অপর দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।