পাবনা প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৭ জুন) রাত ৯টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া–কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এক নারী তার শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় রূপপুর থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে কোলেরকান্দি বটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি মায়ের কোলে থেকে ছিটকে সড়কে পড়ে যায়।
এ সময় মোটরসাইকেল চালক শিশুটিকে উদ্ধারের চেষ্টা করতে এগিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক শিশুসহ মোটরসাইকেল চালককে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে দু’জনই ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা শিশুটির মা গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস ও পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।