আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এশিয়ার একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার স্থানীয় সময় সকালে সংঘটিত এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিন্দানাও উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। সমুদ্রতলের কাছে উৎপত্তি হওয়ায় শক্তিশালী কম্পনের পাশাপাশি সুনামির আশঙ্কাও তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে মিন্দানাও অঞ্চলের বিভিন্ন স্থাপনায় ফাটল ও আংশিক ধসের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা ও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্বেগ আরও বেড়েছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের কয়েকটি উপকূলে বড় ঢেউ আঘাত হানতে পারে। পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান ও তাইওয়ানের কিছু উপকূলীয় এলাকাকেও সম্ভাব্য সুনামি ঝুঁকির আওতায় রাখা হয়েছে।
এদিকে আঞ্চলিক আবহাওয়া ও দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থাগুলো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। বিশেষজ্ঞদের মতে, সমুদ্রতলে সংঘটিত শক্তিশালী এ ভূমিকম্পের কারণে সুনামির ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।