আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় যুক্তরাষ্ট্র এমন অবস্থানে রয়েছে, যেখান থেকে আলোচনার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হতে পারে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান বর্তমান সংঘাত দীর্ঘায়িত করতে আগ্রহী নয়। কারণ দীর্ঘমেয়াদি সংঘাত দেশটির স্বার্থের অনুকূলে নয়। তার মতে, তেহরান আবারও আলোচনার পথে এগোচ্ছে এবং কয়েকটি বাস্তবসম্মত প্রস্তাবও দিয়েছে।
ভ্যান্স বলেন, ‘ইরানিরা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না। এটি তাদের স্বার্থের পক্ষে নয়। আমার মনে হয়, তারা আলোচনার টেবিলে ফিরে আসছে এবং কিছু বাস্তবসম্মত প্রস্তাবও দিচ্ছে। অবশ্যই আমরা সেগুলো যাচাই করে দেখব।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারি, তাহলে তা মার্কিন জনগণের জন্য বড় ধরনের সাফল্য হবে।’
মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভ্যান্সের বক্তব্যে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের বিষয়ে ওয়াশিংটনের আশাবাদেরই প্রতিফলন দেখা গেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা।