সোমবার রাতে ব্রাজিলে যোগদান উপলক্ষে শিবু ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার জার্সি খুলে সবার সামনে ব্রাজিলের জার্সি পরেন। এ সময় ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ বেশ কিছু ব্রাজিল সমর্থক উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, বিশ্বকাপকে সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস। বিশ্বকাপের উন্মাদনার মধ্যে শেরপুরের এই অভিনব দলবদলের ঘটনা এখন স্থানীয়দের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।
দল পরিবর্তনের কারণ সম্পর্কে শিবু বলেন, আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড়ও নেই। তাই দলটির ওপর আমার আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমার আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।
ব্রাজিলের আরেক সমর্থক মেহের খান অপু বলেন, শিবুর এই সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এ ধরনের পরিবর্তন স্বাভাবিক। তিনি এখন আমাদের ব্রাজিল শিবিরের অংশ, আমরা তাকে সঙ্গে নিয়ে ব্রাজিলের জয় কামনা করি।