হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশনে নামার আগে এটিই লিওনেল স্কালোনির দলের শেষ প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। তাই মূল আসরের আগে নিজেদের ছন্দ ও পরিকল্পনা ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে ম্যাচটিকে দেখছে দলটি।
তবে ম্যাচের আগে কিছুটা স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। ইনজুরি কাটিয়ে লিওনেল মেসি, নিকো গঞ্জালেস ও নিকো পাজ দলে ফিরেছেন। যদিও মেসি কতক্ষণ খেলবেন, তা এখনো নিশ্চিত নয়।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মেসি মাঠে থাকবে, তবে সে কত মিনিট খেলবে তা আমি এখনো জানি না। আজকের অনুশীলনে তার সঙ্গে কথা বলব। কোনো ঝুঁকি নিতে চাই না। পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পরিকল্পনা অনুযায়ী সে খেলবে।’
খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সতর্ক স্কালোনি বলেন, ‘আমরা খেলোয়াড়দের সময় ভাগ করে দেব, যাতে কোনো সমস্যা না হয়। ম্যাচটি গুরুত্বপূর্ণ, তবে আমি চাই মৌসুম শেষ হওয়ার আগে সবাই সুস্থ থাকুক।’ স্কালোনি আরও জানান, নিকো পাজ, নাহুয়েল মলিনা ও গনসালো মন্টিয়েলও খেলার জন্য প্রস্তুত। তারা আগে আলাদা অনুশীলন করলেও এখন দলে ফিরেছেন।
জুলিয়ান আলভারেজ ও লিয়ান্দ্রো পারেদেসের সর্বশেষ অবস্থা জানিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আজ আমি নিশ্চিত করে বলতে পারি, খেলোয়াড়রা ভালোভাবে সেরে উঠছে। বেশিরভাগই খেলার অনুমতি পেয়েছে। মন্টিয়েল, মলিনা ও নিকো পাজ প্রস্তুত। আলভারেজও ভালো আছে। তার গোড়ালিতে সামান্য সমস্যা ছিল, সেটি ধীরে ধীরে সেরে উঠছে। পারেদেসও দ্রুত সুস্থ হচ্ছে এবং কয়েক দিনের মধ্যে দলের সঙ্গে অনুশীলনে ফিরবে।’ তবে একটি দুশ্চিন্তা এখনো রয়ে গেছে আর্জেন্টিনা শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন মার্সেইয়ের ডিফেন্ডার লিওনার্দো বালেরদি। তার পরিবর্তে কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
আইসল্যান্ড যদিও ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি, তবু দলটি নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে। কোচ আরনার গুন্নলাউগসনের অধীনে দলটি রক্ষণভিত্তিক ফুটবল ও দ্রুত পাল্টা আক্রমণের কৌশলে খেলছে। দুই দলের ইতিহাসও বেশ আকর্ষণীয়। এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও আইসল্যান্ড। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড নিজেদের অভিষেক ম্যাচেই আর্জেন্টিনাকে ১-১ গোলে রুখে দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে।
সম্ভাব্য একাদশে আর্জেন্টিনা ৪-৩-৩ ছকে খেলতে পারে। গোলপোস্টে থাকবেন রুলি। রক্ষণে কাপালদো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। আক্রমণে দেখা যেতে পারে লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও নিকো গঞ্জালেসকে।
আইসল্যান্ড ৫-৪-১ ছকে খেলতে পারে। গোলপোস্টে থাকবেন ভালডিমারসন। সামনে থাকবেন দলের প্রধান ভরসা আলবার্ট গুডমুন্ডসন। ফুটবল বিশ্লেষকদের মতে, ২০১৮ সালের মতো চমক দেখানো এবার আইসল্যান্ডের জন্য কঠিন হবে। ইনজুরি সমস্যা কাটিয়ে প্রায় পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তাই ম্যাচটিতে বিশ্বচ্যাম্পিয়নদেরই এগিয়ে রাখছেন সবাই।