আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):
পাবনা জেলা পুলিশের উদ্যোগে, পুলিশ সুপারের নির্দেশনায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ-এর নেতৃত্বে জেলা পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে মঙ্গলবার (৯ জুন ২০২৬) রাত সাড়ে ৮টার পর পাবনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন মাদক স্পট, স্টেডিয়াম সংলগ্ন এলাকা, সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন এবং আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন কিশোরসহ বিভিন্ন ব্যক্তির পরিচয় যাচাই, জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তল্লাশি সম্পন্ন করা হয়।
অভিযান চলাকালে মাদক সেবন ও মাদকদ্রব্য পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা প্রদান করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের সমন্বিত অভিযানের প্রশংসা করে বলেন, অপরাধ ও মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।