দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বড়গ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেন।
বিজিবি সূত্র জানায়, অভিযান চলাকালে মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্যাবলেট ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফ উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সীমান্তে মাদকবিরোধী এই অভিযানকে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।