মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে (২০) জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে তার আত্মচিৎকারে স্থানীয়দের দ্রুত উপস্থিতিতে দুর্বৃত্তদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। গত রোববার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী পরিবারের সঙ্গে মাগুরা শহরে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছে তিনি একা হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাকে মুখ চেপে ধরে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে তারা তাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
একপর্যায়ে তরুণী ধস্তাধস্তির মধ্যে নিজেকে ছাড়িয়ে জোরে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা তরুণীকে ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন। পরিবারের দাবি, ওই সময় তিনি শারীরিক ও মানসিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত ছিলেন এবং পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মহম্মদপুর থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মহম্মদপুর থানার ওসি মোহাম্মাদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলাটি রেকর্ড করা হয়েছে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।