আব্দুল্লাহ আল মামুন পিন্টু , স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপদ পারাপারের সুবিধা নিশ্চিত করতে টাঙ্গাইলের আশেকপুর এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৯ জুন) দুপুরে আশেকপুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিশু, নারী, শিক্ষক, শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি চাকরিজীবীসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আশেকপুর পূর্বপাড়াসহ আশপাশের গ্রামের মানুষের নিত্যপ্রয়োজনীয় কাজ, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে প্রতিদিন মহাসড়ক পার হতে হয়। কিন্তু নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সড়ক অতিক্রম করতে হচ্ছে। ফলে প্রায়ই বিভিন্ন বয়সী মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, দ্রুত একটি আন্ডারপাস নির্মাণ করা হলে এলাকার মানুষ নিরাপদে সড়ক পারাপার করতে পারবেন এবং দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন হাফেজ ফিরোজ আহমেদ, সুমন বাপ্পি, ফকির মোহাম্মদ কামাল হোসেন ও জহুর উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।