বিমানবন্দর সূত্রের বরাতে ভারতের বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, ঘটনার সময় একদল বিজেপি-সমর্থক বিমানবন্দরে জড়ো হন। তাঁদের কাছে ডিম ছিল বলে অভিযোগ উঠেছে। একই সময়ে সেখানে বিপুলসংখ্যক তৃণমূল সমর্থকও এসে পৌঁছান। তৃণমূল-সমর্থকদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে অবতরণ করার পর তাঁর দিকে ডিম ছুড়ে মারার উদ্দেশ্যেই মূলত বিজেপির কর্মীরা সেখানে দল বেঁধে অবস্থান নিয়েছিলেন। এই পরিস্থিতি শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সরাসরি মুখোমুখি সংঘাতে রূপ নেয়।
দেখতে দেখতেই অল্প সময়ের মধ্যে বিমানবন্দরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অ্যারাইভাল বা আগমন এলাকার কাছে দুই পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিমানবন্দরের অ্যারাইভাল গেটের ঠিক সামনেই তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে সেখানে দায়িত্বরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে বিমানবন্দরের এক্সিট বা বহির্গমন গেটের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।