মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে মালয়ালম সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। নিভিন পাওলি ও মামিথা বাইজু অভিনীত রোমান্টিক কমেডি সিনেমাটি কেরালার বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির চতুর্থ সপ্তাহেও অব্যাহত রয়েছে ছবিটির দাপট।
প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ২৩তম দিনে কেরালার বক্স অফিসে সিনেমাটি আয় করেছে আনুমানিক ৩ কোটি ৮০ লাখ রুপি। এতে ২৩ দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৩৪ কোটি ২৫ লাখ রুপি।
মুক্তির প্রথম দিনেই ৪ কোটি ৫০ লাখ রুপি আয় দিয়ে শুরু করা সিনেমাটি দ্বিতীয় ও তৃতীয় দিনে আয় করে যথাক্রমে ৬ কোটি ২৫ লাখ ও ৭ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহ ধরে রাখে ছবিটি।
তৃতীয় সপ্তাহ শেষে আয় ছিল ১২৮ কোটি ১০ লাখ রুপি। এরপর ২২তম দিনে ২ কোটি ৩৫ লাখ এবং ২৩তম দিনে ৩ কোটি ৮০ লাখ রুপি যোগ হয়ে ১৩৪ কোটির মাইলফলক পেরিয়ে যায় সিনেমাটি।
সাম্প্রতিক সময়ে ‘থুদারুম’, ‘লোকাহ চ্যাপ্টার ওয়ান: চন্দ্রা’ ও ‘ভাজা টু’-এর পর এটিও ‘ইন্ডাস্ট্রি হিট’ হিসেবে আলোচনায় এসেছে।