বিনোদন ডেস্কঃ
আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজকদের আকৃষ্ট করতে বড় ধরনের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে সিনেমার শুটিং করা আন্তর্জাতিক প্রযোজনাগুলোর যোগ্য স্থানীয় ব্যয়ের সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় (ক্যাশ রিবেট) দেওয়া হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার কান চলচ্চিত্র উৎসবের মার্শে দু ফিল্ম সেশনে সৌদি ফিল্ম কমিশন এই নতুন প্রণোদনা কার্যক্রমের ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক চলচ্চিত্র প্রণোদনার ক্ষেত্রে সৌদি আরব শীর্ষ অবস্থানে উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।
কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন নাসের আল-কাহতানি জানান, প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর জন্য শুটিং পরিবেশ আরও সহজ ও পূর্বানুমানযোগ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থ ছাড়ের প্রক্রিয়া দ্রুততর করা এবং সাংস্কৃতিক উন্নয়ন তহবিলের সঙ্গে সমন্বয়ে নতুন অর্থায়ন প্যাকেজ চালু করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, চলচ্চিত্র সহায়তা কাঠামোর এই পরিবর্তনের লক্ষ্য হলো প্রযোজনা খাতে নগদ প্রবাহের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক নির্মাতাদের জন্য একটি নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে দেশটির অবস্থান শক্তিশালী করা।
৬০ শতাংশ পর্যন্ত রিবেটের এই সিদ্ধান্ত সৌদি আরবকে ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তুলনায় আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে গেছে। তবে মোট বাজেট ও বার্ষিক সীমা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ না করায় প্রযোজকদের মধ্যে কিছু অনিশ্চয়তা রয়ে গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।