আবারও বাবা হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নিরব হোসাইন। দুই মেয়ের পর এবার পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। গত সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি একটি পুত্রসন্তানের জন্ম দেন।
গণমাধ্যমকে নিরব জানিয়েছেন, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। তিনি বলেন, ‘ছেলের আগমনে আমাদের পরিবারে সবাই ভীষণ খুশি। বিশেষ করে আমার দুই মেয়ে তো আনন্দে লাফাচ্ছে।
যখন ডাক্তার এসে জানিয়েছে যে, ছেলে হয়েছে তখন যুওয়াইনাহ-যুওয়াইবাহ দুজনেই আমার সঙ্গে ছিল। ওরা তো আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। আমার স্ত্রী, এমনকী শ্বশুর- শাশুড়িও অনেক খুশি।’
এর আগে নিরব দুই কন্যাসন্তানের বাবা ছিলেন। বড় মেয়ের নাম যুওয়াইনাহ এবং ছোট মেয়ের নাম যুওয়াইবাহ। এবার পুত্র সন্তানের আগমনে তাদের পরিবারে আনন্দের আবহ তৈরি হয়েছে। ২০১৪ সালে তাসফিয়া তাহের ঋদ্ধির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিরব।