• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

আইভীকে গ্রেপ্তার না দেখানোর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

সেলিনা হায়াৎ আইভী-কে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি থেকে বিরত রাখতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়।

এরপর গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও আদালত জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা-ও স্থগিত করা হয়। সবশেষে ১০ মামলায় দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

পরে ওই গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হলে গত ২৬ এপ্রিল বাংলাদেশ হাইকোর্ট রুল জারি করেন।

একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া আইভীকে গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করার নির্দেশ দেন আদালত। হাইকোর্টের সেই আদেশ স্থগিত চেয়ে এখন আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা