• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতে এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রতিবেদক / ৪৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) ডিএমপি কমিশনারকে এই নির্দেশ দেওয়া হয় বলে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, ঘটনাটির বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরই মধ্যে বুধবার (২০ মে) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার আসামি সোহেল রানা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দিতে সোহেল রানা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন এবং ভুক্তভোগীর পরিবারের সঙ্গে তার কোনো পূর্ব বিরোধ ছিল না।

এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ এবং বাথরুম থেকে তার মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ওইদিন সকালে শিশুটি বাসা থেকে বের হলে তাকে কৌশলে ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখানে নির্যাতন ও হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্তের স্ত্রীকে আটক করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি ঘটনার দায় স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা