নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর শ্যামপুর এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল সোয়া ৫টার দিকে জুরাইন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিহত ব্যক্তি রেলক্রসিং পার হওয়ার সময় নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় পথচারী মো. আবু জাফর জানান, দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরনে ছিল কালো পাঞ্জাবি ও চেক লুঙ্গি। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের জন্য সংশ্লিষ্ট রেলওয়ে থানা কাজ করছে।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।