নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর কচুক্ষেত এলাকায় একটি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় সোয়া ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নেন বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার তানিয়া সুলতানা।
পুলিশ জানায়, কচুক্ষেতের তামান্না কমপ্লেক্সে অবস্থিত ‘ইউনিফর্ম টেক্সটাইল’ নামের কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা প্রথমে সড়কের একপাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। পরে তারা দুই পাশে অবস্থান নিলে পুরো সড়ক বন্ধ হয়ে যায়, ফলে অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ কর্মকর্তা তানিয়া সুলতানা।