তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় তাঁর প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন জেন-জি প্রজন্মকে। শনিবার চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ থেকে দেওয়া ভাষণের শুরুতেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তামিল জনগোষ্ঠী ও জেন-জি তরুণদের উদ্দেশে শুভেচ্ছা জানান তিনি।
ভাষণে বিজয় বলেন, প্রশাসনিক বিষয়ে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করবে তাঁর সরকার। তবে রাজ্যের অধিকার ক্ষুণ্ন হয়—এমন কোনো নীতির বিরোধিতা করা হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্প অব্যাহত রাখার কথাও জানান তিনি।
আগামী ১৫ সেপ্টেম্বর সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য ‘থাইমামান থাঙ্গা মোথিরাম’ নামে স্বর্ণের আংটি দেওয়ার প্রকল্প চালুর ঘোষণা দেন বিজয়। এতে ব্যয় হবে প্রায় ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি।
এ ছাড়া সাবেক সেনাসদস্যদের পরিবারের সহায়তা বাড়ানো এবং মুক্তিযোদ্ধাদের পেনশন পুনর্নির্ধারণের কথাও জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।