উত্তরাখণ্ডে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ এনে মুফতি মুজিবকে গ্রেফতার করেছে পুলিশ।বেআইনি ঘোষিত মাদারাসাগুলো বন্ধে উত্তরাখণ্ড সরকারের সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলেন মুফতি মুজিব এবং এ ধরনের পদক্ষেপ না নিতে কর্তৃপক্ষকে সতর্ক করেন। পরবর্তীতে তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এ বিষয়ে কঠোর অবস্থান নেন।
প্রতিবেদন অনুযায়ী, ‘জুলুস-ই-মোহাম্মাদী’ বা মিলাদুন্নবীর শোভাযাত্রা উপলক্ষে ত্রিশূল চকে আয়োজিত একটি অনুষ্ঠানে মুজিব এই মন্তব্য করেন।অবৈধ মাদরাসার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “মাদরাসা নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, মাদরাসা বন্ধ করে দেওয়া হলে আমরা কী করি তা আপনারা দেখতে পাবেন।
তাঁর এই বক্তব্যের ভিডিওটি পরবর্তীতে ছড়িয়ে পড়ে, যা রাজ্য সরকার ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করে।পরবর্তীতে পুলিশ মুজিবকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পুলিশের তথ্যমতে, তিনি উত্তরপ্রদেশের রামপুর জেলার দাধিয়াল তান্দার বাসিন্দা।
যে অনুষ্ঠানে এই মন্তব্য করা হয়েছিল, সেটির আশেপাশের পরিস্থিতিও খতিয়ে দেখছে পুলিশ। অনুষ্ঠানটির আয়োজন এবং মঞ্চ তৈরির অনুমতি ছিল কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করছেন কর্মকর্তারা। একই সঙ্গে কারা এতে অংশ নিয়েছিলেন এবং কারা সভায় বক্তব্য দিয়েছিলেন, তাদের শনাক্তের চেষ্টা চলছে।
তদন্তের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পরীক্ষা করে দেখছে পুলিশ। ভিডিওটির সত্যতা এবং বিষয়বস্তু নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষাও পরিচালনা করা হচ্ছে।রুদ্রপুর পৌর কর্পোরেশনের মেয়র বিকাশ শর্মা মুফতি মুজিবের গ্রেফতারকে স্বাগত জানিয়েছেন এবং একে রাজ্য সরকারের কঠোর অবস্থানের প্রমাণ হিসেবে বর্ণনা করেছেন।
বিকাশ শর্মা বলেন, এই গ্রেফতার প্রমাণ করে যে ধামী সরকার কাউকে উত্তরাখণ্ডের সাম্প্রদায়িক পরিবেশ বিনষ্ট করার সুযোগ দেবে না। সোর্স:ইনকিলাব