সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি—এনসিএম।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। এ সময়ে জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রঝড় ও শিলাবৃষ্টি হতে পারে।
বিশেষ করে জাজান ও আসিরের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। একই সঙ্গে নিম্নাঞ্চল, উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক পাহাড়ি ঢলের আশঙ্কাও রয়েছে।
এদিকে নাজরান অঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৈরী আবহাওয়ার মধ্যে স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টির সময় উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।