বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক ‘পুনঃস্থাপন’ করে সরাসরি দ্বিপক্ষীয় যোগাযোগের মাধ্যমে গঠনমূলক অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের সঙ্গে নতুন সম্পর্ক বহুপক্ষীয় ফোরামের পরিবর্তে সরাসরি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই এগিয়ে নেওয়া উচিত। একই সঙ্গে ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরতা বা ‘ভারত-মোহ’ থেকে বেরিয়ে এসে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ার ওপর জোর দেন তিনি।
গত ১৫ বছরে ভারতের সঙ্গে সম্পর্ক অস্বস্তিকর ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা এখন দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে চায়। তবে প্রয়োজন অনুযায়ী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও অন্যান্য দেশের সঙ্গে বৈঠক অব্যাহত থাকবে।
বাংলাদেশ-ভারত সীমান্তের সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রতিষ্ঠিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে। আন্তর্জাতিক আইন, সীমান্ত প্রটোকল ও দ্বিপক্ষীয় চুক্তি মেনেই ভারতের কাছে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরা হবে।
এদিকে ১০১টি সমঝোতা স্মারক পর্যালোচনার বিষয়ে তিনি জানান, এসব চুক্তি সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে।