জিন্নাহর ছবি কেন রাখা হয়েছে, ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস
প্রতিবেদক
/ ০
বার
আপডেট :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার কারণ ব্যাখ্যা করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
সোমবার বিকেলে ডাকসু আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন হঠাৎ করে সৃষ্টি হয়নি। এর আগে ধারাবাহিকভাবে নানা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ভাষা আন্দোলনের সেই পটভূমি তুলে ধরতেই সংগ্রহশালায় জিন্নাহর ছবি ও বক্তব্য রাখা হয়েছে।
এস এম ফরহাদ বলেন, ছবির নিচে ইংরেজিতে জিন্নাহর বক্তব্যের সরাসরি উদ্ধৃতিও দেওয়া হয়েছে। সেখানে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পক্ষে তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তার দাবি, ইতিহাস আড়াল নয়, বরং জিন্নাহর ভূমিকা তুলে ধরেই ভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপট ব্যাখ্যা করা হয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে ছবিটি সরিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার আলটিমেটামের সমালোচনা করে ডাকসু জিএস বলেন, এতে জিন্নাহর ভূমিকা আড়াল করার চেষ্টা রয়েছে বলে তার মনে হয়েছে।
এদিকে সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবিটি এক শিক্ষার্থী ভাঙচুর করেছেন বলেও জানান এস এম ফরহাদ। তিনি দাবি করেন, ইতিহাসের একটি নির্দিষ্ট অংশ মানুষের সামনে তুলে ধরার কারণেই ছবিটি রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস ও জিন্নাহর অবস্থান নিয়ে বিতর্ক থাকলেও তা আড়াল না করে তথ্য ও বক্তব্যের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করাই তাদের উদ্দেশ্য।
প্রধান সম্পাদক ও প্রকাশক : সেলিম রেজা সম্পাদক : মোঃ আব্দুস সাত্তার আব্বাসী অফিস :হাউজ : ৪০-৪২, রোড ২ , ব্লক -ই,সেক্টর -২ আফতাবনগর, ঢাকা । ফোন ০১৬৭৯০৯১৭২৯,০১৭২২২০৮৩২০.০১৭১৬৬৯৯৪৯৩ইমেল : bntnewsinfo@gmail.com