চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ সেনাসদস্যদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকার ও সেনাবাহিনী সব সময় তাঁদের পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া সেনাসদস্যদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকসন্তপ্ত পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা ও দেখভালে সরকার দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।
এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের পরিবারের জন্য স্থায়ী ঠিকানায় বাড়ি নির্মাণ, স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার উদ্যোগের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনায় শহীদ হন সৈনিক অপারেটর আবু বকর সিদ্দিক ও সৈনিক গানার মো. তাসনিম রিফায়াত। সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।