গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় সপ্তম শ্রেনীর এক শিক্ষার্থীকে প্রকাশ্যে মারধোর ও ইভটিজিং এর দায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক বখাটে যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ।
দন্ডপ্রাপ্ত যুবক আতিকুর হাসান(১৮) মৌচাক ভান্নারা কালেরভিটা এলাকার লিটন মিয়ার ছেলে।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায় গত ১৩ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে ভান্নারা এলাকায় স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে কু প্রস্তাব দেয় ওই বখাটে যুবক। এসময় ওই শিক্ষার্থী প্রতিবাদ করলে প্রকাশ্যে তাকে মারধোর করে ওই যুবক। পরে বিষয়টি স্কুল কতৃপক্ষ ও ওই শিক্ষার্থীর অভিভাবকরা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। এদিকে বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে ফের আবার ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে পুলিশকে বিষয়টি জানায় স্কুল কতৃপক্ষ। এদিকে খবর পেয়ে পুলিশ ওই বখাটে যুবককে স্কুলের সামনে থেকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানায় নারী শিক্ষার্থীকে ইভটিজিং এর দায়ে যুবককে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। পরে তাকে জেল হাজতে পাঠনো হয়।