জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন, ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা ছিল। নিউইয়র্কের পাশাপাশি প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফরের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে পরিবর্তিত পরিকল্পনায় সফরসঙ্গীদের তালিকাও ছোট করা হয়েছে। সরকারি সূত্রগুলোর মতে, ছোট প্রতিনিধিদল নিয়ে সংক্ষিপ্ত সফরের মধ্য দিয়ে কৃচ্ছ্রসাধনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেবেন। উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ একাধিক বিষয়ে বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায়ও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে।
সম্ভাব্য বৈঠকের তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, কুয়েতের যুবরাজ, থাইল্যান্ড ও ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।