হোয়াইট হাউসে প্রবেশের ক্ষেত্রে সিএনএন, এমএসএনবিসি ও সংবাদভিত্তিক ওয়েবসাইট পলিটিকোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, এসব সংবাদমাধ্যম তাঁর প্রশাসন নিয়ে নিয়মিত ‘ভুয়া খবর’ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। একই ধরনের সংবাদ অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ট্রাম্প আরও অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে পলিটিকোকে সচল রাখতে মার্কিন সরকার প্রায় ৮ মিলিয়ন ডলারের সাবস্ক্রিপশন কিনেছিল। ঘটনাটিকে তিনি ‘দুর্নীতি’ হিসেবে উল্লেখ করেন।
ওভাল অফিসে এক সাংবাদিক সংবিধানের প্রথম সংশোধনীতে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তার কথা তুলে ধরে এ সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প আবারও ওই সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ করেন। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রে মুক্ত সংবাদমাধ্যমের পাশাপাশি সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতাও প্রয়োজন।
তবে ট্রাম্প বলেন, সংবাদমাধ্যমগুলো তাদের সংবাদ পরিবেশনের মান উন্নত করলে তিনি চান তারা আবার হোয়াইট হাউসে ফিরে আসুক।
ট্রাম্পের ঘোষণার বিষয়ে এমএসএনবিসি ও পলিটিকো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সিএনএন তাদের সাংবাদিকদের প্রতি সমর্থন জানিয়েছে।
এক বিবৃতিতে সিএনএন বলেছে, হোয়াইট হাউস কাভার করা তাদের সাংবাদিকরা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কাজ করছেন। সরকারের বাধা বা হস্তক্ষেপ ছাড়াই সাংবাদিকতা করার অধিকার সংবিধান তাদের দিয়েছে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
সিএননের ভাষ্য, নিষেধাজ্ঞা কার্যকর হলে তা সংবাদমাধ্যমের মৌলিক ও সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকারের ওপর বেআইনি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে।