আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি সমঝোতা স্মারক ও চুক্তি বাংলাদেশ পর্যালোচনা করছে—এমন খবর ভারতের নজরে এসেছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তারা দেখেছেন। আনুষ্ঠানিক কোনো তথ্য না পেলেও ভারতের নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার। দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত রয়েছে কি না, তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির জানান, এসব চুক্তি ও স্মারক জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার প্রসঙ্গে ভারত জানায়, পানি-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন রয়েছে এবং কারিগরি পর্যায়ে নিয়মিত বৈঠক হচ্ছে।