দেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেছেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং অভিনেত্রী জয়া আহসান।
সোমবার (১১ মে) জয়া আহসানসহ তিনটি প্রতিষ্ঠান এই রিটটি করে। রিটকারীদের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার সাকিব মাহবুব, ড. সিনথিয়া ফরিদ ও সাজিদ হাসান।
রিট আবেদনে বলা হয়েছে, অসুস্থ প্রাণীর মাংস প্রতারণামূলকভাবে মানুষের খাদ্য হিসেবে বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তাই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
এছাড়া ৬০ দিনের মধ্যে এই ধরনের কার্যক্রম বন্ধে জাতীয় নির্দেশিকা প্রণয়ন, অসুস্থ ও বাজেয়াপ্ত ঘোড়ার নিলাম বন্ধ এবং উদ্ধার করা প্রাণীদের পরিচর্যা ও পুনর্বাসনের জন্য অভয়ারণ্য তৈরির নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিটকারীদের দাবি, বিভিন্ন স্থানে অসুস্থ ঘোড়ার মাংস বিক্রির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে একাধিকবার চিঠি দেয়ার পরও কোনো ফল না পাওয়ায় শেষ পর্যন্ত তারা হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেছেন। সোর্স:স্টার নিউজ