নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে আজ সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হচ্ছে।
রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতে মন্ত্রী বিদেশি নিয়োগ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করার আহ্বান জানান এবং ডাক্তার ও নার্সসহ অন্যান্য পেশার জনশক্তি নিয়োগের বিষয়েও অনুরোধ করেন।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে বলেও তারা জানান।
চলতি বছরে মোট ৬ হাজার বাংলাদেশি চালক নিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যাচাই-বাছাই করা হবে। এ সময় অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।