টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই কম খরচে বাড়ি ফিরতে যাত্রীবাহী বাস পরিহার করে রডবোঝাই ওই ট্রাকে উঠেছিলেন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, কুষ্টিয়া ও নাটোর জেলায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, উত্তরবঙ্গগামী ট্রাকটি সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ট্রাকে থাকা যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ছয়জন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।
গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার চার বছরের মেয়ে নিহত হন। নিহতরা হলেন— বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মী আনিছুর রহমান ও তার মেয়ে পুষ্প। এ ঘটনায় আনিছুরের স্ত্রী আয়েশা বেগম গুরুতর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিরাজগঞ্জে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সকাল ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লবণবোঝাই ভটভটির সংঘর্ষে সারা খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়। সে পাবনার সাঁথিয়া উপজেলার সবুজ প্রামাণিকের মেয়ে।
একই মহাসড়কের মশিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে আহম্মদ (৭) নামের এক শিশু নিহত হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘাতক ট্রাক ও ভটভটি আটক করা হয়েছে।
গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত
ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহম্মেদ জানান, ঢাকাগামী স্টার এক্সপ্রেসের একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় একটি প্রাইভেটকারও এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ