• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে চালু কিছু ব্যাংকিং কার্যক্রম

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটির মধ্যেও দেশের কিছু নির্দিষ্ট ব্যাংক শাখায় আজ মঙ্গলবার সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখা হয়েছে। মূলত তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, খোলা থাকা শাখাগুলোতে অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে সাধারণ গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ গত ১৮ মে এক সার্কুলারে জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির কারণে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের ব্যাংকগুলো সাধারণভাবে বন্ধ থাকবে। তবে পোশাক খাতের শ্রমিকদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে কিছু নির্দিষ্ট শাখা সীমিত পরিসরে চালু রাখা হবে।

নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করছে।
এ ছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের ছুটিতেও (ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি সংক্রান্ত জরুরি ব্যাংকিং কার্যক্রম চালু রাখবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা