• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে বান্দরবানে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা

প্রতিবেদক / ১০ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পার্বত্য জেলা বান্দরবানে বিশেষ নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন। নতুন এই নির্দেশনা অনুযায়ী, জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষে পর্যটকদের অবশ্যই সন্ধ্যার আগেই জেলা বা সংশ্লিষ্ট উপজেলা সদরে ফিরে আসতে হবে।

গতকাল সোমবার (২৫ মে) বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদনহীন কোনো পর্যটন স্পট কিংবা নির্ধারিত অনুমতি ছাড়া অন্য কোনো দুর্গম রুটে পর্যটকরা যাতে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে ট্যুর গাইড ও পর্যটন সংশ্লিষ্টদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট গাইড, হোটেল-মোটেল কর্তৃপক্ষ এবং পরিবহন মালিক-শ্রমিকসহ পর্যটন খাতের সবাইকে সর্বোচ্চ সতর্কাবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণকালীন যেকোনো সন্দেহজনক পরিস্থিতি বা আচরণ নজরে এলে তা অনতিবিলম্বে স্থানীয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকদের ঈদের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জারিকৃত এই নির্দেশনাসমূহ অবিলম্বে কার্যকর হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসন তৎপর থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা