নিজস্ব প্রতিনিধিঃ
বাগেরহাটে এবারও পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে। ঈদের দিন মুসল্লিদের ব্যাপক উপস্থিতি বিবেচনায় সেখানে তিনটি পৃথক জামাতের আয়োজন করা হয়েছে।
প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ জানিয়েছেন, তিনটি জামাতে প্রায় ছয় হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে মসজিদের ভেতরে দেড় হাজার এবং বাইরে আরও পাঁচ শতাধিক মুসল্লির জন্য ব্যবস্থা করা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে জেলা প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং পুরো এলাকায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে।
এছাড়া জেলা শহর ও উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জামে মসজিদেও সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ লেখা পতাকা উত্তোলন করা হবে।
জেলা প্রশাসন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করা, চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে।