নিজস্ব প্রতিনিধিঃ
ক্ষমতাসীনদের অবৈধ সম্পদ অর্জন, বিলাসবহুল জীবনযাপন এবং সামাজিক বৈষম্য নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি মন্ত্রীত্বকে ‘সোনার পাথরের বাটি’র সঙ্গে তুলনা করেন। তাঁর ভাষায়, এই পদে গেলেই যেন নানা ধরনের সম্পদ, জমি-জমা, ফ্ল্যাট, প্লট, গাড়ি-বাড়ি, স্বর্ণালংকার থেকে শুরু করে বিলাসবহুল জীবনের বিস্তার ঘটে।
তিনি আরও অভিযোগ করেন, অনেকের নামে-বেনামে বিপুল সম্পদের পাহাড় গড়ে ওঠে, এমনকি কেউ কেউ দেশের বাইরে গিয়ে সম্পত্তিও কিনে রাখেন।
মন্ত্রীদের সন্তানদের জীবনযাপন নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, তাদের বিলাসিতা এমন পর্যায়ে পৌঁছায় যে অনেক ক্ষেত্রে তা আন্তর্জাতিক উচ্চবিত্তদের সঙ্গেও তুলনীয় হয়ে ওঠে। তিনি প্রশ্ন তোলেন এসব সম্পদের প্রকৃত উৎস কী।
পাটওয়ারী আরও দাবি করেন, কিছু ব্যক্তি মিডিয়ার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করেন এবং ভিন্নমত দমনে চাপ সৃষ্টি করেন। তাঁর মতে, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এক ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার করছে এসব আচরণ।
তবে বক্তব্যের শেষে তিনি অতীত ও সমসাময়িক কিছু দেশের রাজনৈতিক অস্থিরতার উদাহরণ টেনে ইঙ্গিত দেন যে, জনঅসন্তোষ যেকোনো সময় বড় পরিবর্তনের দিকে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।