আজিজ আহমেদ, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের জন্ম হয়েছিল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এটাই আমাদের অস্তিত্ব, এটাই আমাদের পরিচয়। এই স্বাধীন বাংলাদেশের সাথে কোন কম্পোফ্রাইজ হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর মিলনায়তনে সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।
মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন এবং নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি সহ আরো অনেকেই।
এই সময় বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতি, স্বাধীনতার চেতনা সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে মতামত তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তারা উল্লেখ করেন।