জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক মার্কিন নাগরিক ৪ বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ ঘটনায় অপহরণচেষ্টার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) টেকনাফ মডেল থানার শাপলা চত্বর মোড় এলাকায় নিয়মিত টহলরত র্যাবের একটি দল সংবাদ পায় যে, টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় এক শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পেয়ে র্যাবের আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার হাতে আটক তিন ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফের নতুন পল্লান পাড়ার আব্দুস ছালামের ছেলে শাহাব উদ্দিন (২৮), নাইটং পাড়ার হাফেজ উল্লাহর ছেলে কেফায়েত উল্লাহ (২৪) এবং নতুন পল্লান পাড়ার মৃত কামাল হোসেনের ছেলে আব্দুর রজব মিয়া (৩৫)।
র্যাব জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের ৪ বছর বয়সী মার্কিন নাগরিক ভাগিনাকে বাড়ির সামনের পাকা রাস্তা থেকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় গ্রেফতারকৃতরা। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করে তাদের আটক করে।
পরে উত্তেজিত জনতার মারধরে আহত তিন অভিযুক্তকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, উদ্ধারকৃত শিশু ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি অপহরণ, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।