• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে

প্রতিবেদক / ২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতের শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ানো হচ্ছে। আগামী ৭ জুন (রোববার) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথা রয়েছে। বুধবার (০৩ জুন) মেট্রোরেলের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, উত্তরা ও মতিঝিল– উভয় প্রান্ত থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে।

বর্তমানে সপ্তাহের সাত দিনই উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে।

অতিরিক্ত এই ২০ মিনিট সময়ের মধ্যে নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদ্যমান সূচির ধারাবাহিকতায় ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই শেষ ট্রেন পরিচালনা করা হবে।

সূত্র আরও জানায়, সময় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সব ধরনের প্রস্তুতিও শেষ। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার অপেক্ষা। এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে ট্রেন চলাচল আধা ঘণ্টা আগে শুরু করা হয় এবং রাতের শেষ ট্রেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়।

মেট্রোরেলের নিয়মিত এক যাত্রী বলেন, অফিস শেষে প্রায়ই ফার্মগেট থেকে মিরপুর যেতে শেষ ট্রেনে উঠি। অনেক সময় দৌড়ে ট্রেন ধরতে হয়, আবার কখনও মিসও হয়ে যায়। শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ানো হলে সেটি খুবই উপকারী হবে।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর থেকে বুধবার রাতে জানিয়েছে, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ৭ মে থেকে ঢাকা মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে উত্তরা উত্তর স্টেশন হতে মতিঝিল স্টেশনগামী শেষ ট্রেন ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল হতে ১০টা ৩০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। শুরুতে এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল করত। পরে পর্যায়ক্রমে একটি একটি করে স্টেশন চালু করা হয় এবং সেবার পরিধি বাড়ানো হয়।

সবশেষে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে মেট্রোরেল সেবা চালু হয়। তবে নির্মাণাধীন কমলাপুর স্টেশন চালু হওয়ার পর এমআরটি লাইন-৬ এর পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা