নিজস্ব প্রতিনিধিঃ
সাভারের উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া পাওনা ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়, প্রস্তুত রাখা হয় জলকামান ও সাঁজোয়া যান।
শনিবার সকাল থেকে আল-মুসলিম গ্রুপের ‘একেএম নিটওয়্যার লিমিটেড’ কারখানার সামনে কয়েকশত শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা–আরিচা মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেন অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
পুলিশ ও শিল্প পুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের ছাঁটাই করা হয়েছে এবং ন্যায্য পাওনাদি পরিশোধ করা হয়নি। তাদের দাবি, হয় চাকরিতে পুনর্বহাল করতে হবে, না হয় আইন অনুযায়ী সম্পূর্ণ বকেয়া এককালীন পরিশোধ করতে হবে।
কারখানায় দীর্ঘদিন কর্মরত শ্রমিকরা জানান, হঠাৎ ছাঁটাই ও আংশিক পাওনা পরিশোধের কারণে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকে অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী তিন মাসের বেতন-ভাতা পাওয়ার কথা থাকলেও তাদের ক্ষেত্রে তা মানা হয়নি।
এদিকে আল-মুসলিম গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়িক মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ার কারণে শ্রম আইনের ২০ ধারায় শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেই ছাঁটাই করা হয়েছে। কর্তৃপক্ষ দাবি করেছে, শ্রমিকদের অভিযোগ সঠিক নয় এবং কোনো জটিলতা থাকলে তা যাচাই করে নিষ্পত্তি করা হবে।
শিল্প পুলিশের পরিদর্শক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, আল-মুসলিম গ্রুপ তাদের তিনটি কারখানায় মোট ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করেছে বলে জানা গেছে।