নিজস্ব প্রতিনিধিঃ
দেশে চলতি মৌসুমে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এবারের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে এবং আক্রান্তদের মধ্যে রক্তক্ষরণের ঝুঁকিও দেখা দিতে পারে। তাই আগাম সতর্কতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার হেমোরেজিক ডেঙ্গুর সংক্রমণ বাড়তে পারে। ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রক্তক্ষরণজনিত জটিলতাও দেখা দিতে পারে। এ কারণে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে। যেসব প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের অসহযোগিতা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। জরিপ অনুযায়ী, দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। উভয় পক্ষের সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।