রংপুর মেট্রোপলিটন এলাকায় মাদকবিরোধী অভিযানে গত মে মাসে উল্লেখযোগ্য সংখ্যক গ্রেপ্তার ও মাদক উদ্ধার হয়েছে। এই সময়ে বিভিন্ন থানায় দায়ের হওয়া ১৪৬টি মামলার মধ্যে অধিকাংশই ছিল মাদক সংশ্লিষ্ট, যা পুরো মামলার ৯১টি।
পুলিশের তথ্য অনুযায়ী, এক মাসে পরিচালিত অভিযানে মোট ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ কেজি গাঁজা, ১ হাজার ২৪৯ পিস ইয়াবা এবং ৩০ লিটার চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
এই তথ্য জানানো হয় রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায়, যা বুধবার সন্ধ্যায় পুলিশ কমিশনার কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি বলেন, জনশান্তি বজায় রাখতে পুলিশের প্রতিটি ইউনিটকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের আচরণে মানবিকতা, ধৈর্য ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্ব দেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নিউজ টুডে / এস.এ