রাজশাহীর পুঠিয়া উপজেলায় পানের বরজের ভেতর গোপনে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। অভিযানে ছয়টি গাঁজা গাছ জব্দ করা হয়।
গত বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পুঠিয়ার কাজুপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেপ্তার করা হয় সাহাবুর মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে। তিনি ওই এলাকার মো. মমিন মোল্লার ছেলে।
বৃহস্পতিবার সকালে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তার পানের বরজের ভেতর থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করে।
জব্দ করা গাছগুলোর আনুমানিক ওজন প্রায় ৪ কেজি ৫০০ গ্রাম এবং প্রতিটি গাছের উচ্চতা প্রায় ১২ ফুট পর্যন্ত ছিল বলে জানায় র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুর মোল্লা স্বীকার করেছেন, তিনি আর্থিক লাভের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। এছাড়া তিনি মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গেও জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
বাংলাদেশ নিউজ টুডে / এস.এ