নিজস্ব প্রতিনিধিঃ
ঈদুল আজহার ছুটি শেষে যাত্রীদের নির্বিঘ্ন ফিরতি যাত্রা নিশ্চিত করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।
শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মের যাত্রার টিকিট বিক্রি হয়েছে ২১ মে। এছাড়া আগামী ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।