• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ঈদযাত্রায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, তীব্র যানজটে দুর্ভোগ

প্রতিবেদক / ৪০ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঈদকে সামনে রেখে পণ্যবাহী যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ফলে যাত্রীদের স্বাভাবিক চলাচলে দেখা দিয়েছে ব্যাপক ভোগান্তি ও দীর্ঘ সময়ের যানজট।

সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর ও মৌচাক অংশে মহাসড়কে ধীরগতির যান চলাচল লক্ষ্য করা যায়। যাত্রীবাহী বাসের পাশাপাশি শত শত ট্রাক ও কাভার্ডভ্যান একসঙ্গে চলাচল করায় পুরো সড়কজুড়ে তৈরি হয় অচলাবস্থার মতো পরিস্থিতি। কোথাও কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

যাত্রীরা জানান, যেখানে স্বাভাবিক সময়ে এক ঘণ্টার পথ এখন সেখানে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। অতিরিক্ত পণ্যবাহী যান, বিকল গাড়ি এবং বেপরোয়া ওভারটেকিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে তাদের অভিযোগ।

বাসচালক ও যাত্রীদের ভাষ্য অনুযায়ী, রাত নামার পর ট্রাকের চাপ আরও বেড়ে যায়। অনেক ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকায় যান চলাচল আরও ধীর হয়ে পড়ে। পাশাপাশি শিল্পকারখানার মালামাল পরিবহনকারী যানবাহনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়দের মতে, ঈদকেন্দ্রিক চাপ এবং সমন্বয়হীন যানবাহন চলাচলের কারণে মহাসড়কে স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে, যা সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে।
এ বিষয়ে কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাওগাতুল আলম জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক টিম কাজ করছে যানজট নিরসনে। তবে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মাঝে মাঝে ধীরগতির পরিস্থিতি তৈরি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা